গাজীপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে তার অপসারণ দাবি জানান।
রোববার (৫ এপ্রিল) দুপুরে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে প্রতিমন্ত্রী অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জানা গেছে, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত রোববার সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে দুপুর ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, জেলা ড্যাবের সভাপতি ডা. আলী আকবর পলানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতাল থেকে বের হয়ে গাজীপুর সার্কিট হাউজে যাওয়ার পথে স্থানীয় কিছু মানুষ ব্যানার নিয়ে তার গাড়ির সামনে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, বর্তমান পরিচালক মো. আমিনুল ইসলাম হাসপাতালে স্বেচ্ছাচারিতা, অব্যবস্থাপনা ও দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ভেঙে ফেলেছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে মো. আমিনুল ইসলাম এ হাসপাতালে পরিচালক হিসেবে নিয়োগ পান এবং এখনও বহাল রয়েছেন। তার সময়েই হাসপাতালের পরিবেশ নাজুক হয়ে পড়েছে, চিকিৎসকরা সময়মতো উপস্থিত থাকেন না, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে ঢাকায় রেফার করা হয়।
এছাড়া হাসপাতালের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ইচ্ছাকৃতভাবে অকেজো করে রাখা, হাসপাতাল অপরিচ্ছন্ন রাখা এবং একাধিকবার অভিযোগ জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগও তোলা হয়। বিক্ষোভকারীদের ভাষ্য, এতে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
এ বিষয়ে জেলা ড্যাবের সভাপতি ডা. আলী আকবর পলান বলেন,
“বর্তমান পরিচালক আমাদের ড্যাবের সদস্য নন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনেকেই নানা অভিযোগ করেছেন। আজ প্রতিমন্ত্রীকে পেয়ে সাধারণ মানুষ তাদের ক্ষোভের কথা জানিয়েছেন।”
তিনি আরও বলেন,
“প্রতিমন্ত্রী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।”