পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনের মাধ্যমে এসব অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুই ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
কোন তারিখে কোন টিকিট?
ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের টিকিট বিক্রি হয়েছে যথাক্রমে ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ। এছাড়া ৮ ও ৯ মার্চ বিক্রি করা হচ্ছে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।
অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওইদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট।