ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-০২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ দলীয় নেতৃবৃন্দ
মতবিনিময়কালে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। সাংবাদিকরা জাতির বিবেক—তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে গোপালপুর–ভূঞাপুর আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় নির্বাচনকালীন পরিবেশ, গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।