পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বর্তমানে বিশ্বজুড়ে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে, যা সবাইকে অনুধাবন করতে হবে। তাঁর ভাষায়, যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের চারপাশের দেশগুলোতে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে কৃষক ও সাধারণ মানুষ যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়েন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে জ্বালানি নিয়ে কোনো জটিলতায় পড়তে না হয়।
তিনি আরও বলেন, কৃষিখাতে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহার হয়, তাই এ খাতে তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষভাবে কাজ করছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে বাজারে কৃত্রিম চাপ তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন,
“অনেকে আগে দিনে একবার তেল নিতেন, এখন তারা পাঁচবার পর্যন্ত নিচ্ছেন। কারণ, তারা ভাবছেন তেলের সংকট চলছে। কিন্তু বাস্তবে তেলের কোনো সংকট নেই।”
নিজ নির্বাচনি এলাকা পরিদর্শনের বিষয়ে শামা ওবায়েদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করতে তিনি নিয়মিত এলাকায় যাচ্ছেন।
তিনি জানান, এদিন তিনি সালথা ও নগরকান্দার বিভিন্ন সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কারিগরি শিক্ষার উন্নয়ন নিয়ে সরকারের কার্যক্রম কতটা এগিয়েছে, তা সরেজমিনে দেখতেই তাঁর এই সফর।
তিনি বলেন,
“কারিগরি শিক্ষা উন্নয়নে সরকার কাজ করছে। কীভাবে এটিকে আরও এগিয়ে নেওয়া যায়, সেটাই আমরা দেখতে চাই। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানও পর্যবেক্ষণ করছি।”
এর আগে তিনি নগরকান্দা উপজেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), নগরকান্দা উপজেলা ভূমি অফিস, সালথা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা উপজেলা ভূমি অফিস এবং সালথা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পাটের গুদাম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন ও হাসান আশরাফসহ স্থানীয় নেতাকর্মীরা।