ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।
ইসরাইল জানিয়েছে, নতুন করে পশ্চিম ও মধ্য ইরান–এর ৩০টিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র এবং সামরিক সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
এক বিবৃতিতে ইসরাইল ডিফেন্স ফোর্সেস জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো এসব হামলা পরিচালনা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
ইসরাইল আরও সতর্ক করে বলেছে, ‘শাসনব্যবস্থার লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত অন্যান্য স্থাপনাতেও হামলা অব্যাহত থাকতে পারে। ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।