| মমিনুল ইসলাম, কুড়িগ্রাম
উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ ভোটারদের ভোটের বিষয়ে উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে গিয়ে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
উঠান বৈঠকগুলোতে ভোটারদের ভোট প্রদানের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নসহ উপজেলার মোট ১৩টি ইউনিয়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি উঠান বৈঠকে স্থানীয় জনগণের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সঙ্গে কথা হলে তিনি জানান,
“আমি এবং উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিতভাবে ইউনিয়ন পর্যায়ে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, আগামী ভোটে হ্যাঁ ভোটের পক্ষেই জনমত প্রতিফলিত হবে।”
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে ভোটারদের মধ্যে আগ্রহ ও অংশগ্রহণ বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।